খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

আপডেট: সেপ্টে ০২, ২০২৬ : ০৫:৫৪ এএম ১২
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। সোমবার নিজের হাতে লেখা একটি চিঠি ইনস্টাগ্রামে পোস্ট করে ৩৯ বছর বয়সী এই ফুটবলার অবসরের সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে মেসি লিখেছেন, অনেক চিন্তা-ভাবনা করেই আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তাঁর ভাষায়, সিদ্ধান্তটি কষ্টের হলেও এখন সময় এসেছে সরে দাঁড়ানোর।

মেসি লিখেছেন, আর্জেন্টিনার জার্সির জন্য তিনি সবসময় নিজের সর্বস্ব দিয়ে লড়াই করেছেন। শুধু গত কয়েক বছরে নয়, জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই মাঠে নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ দিতে এবং দেশ হিসেবে গর্বিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় দলকে বিদায় জানানোর প্রসঙ্গে মেসি বলেন, সময় খুব বেশি বাকি নেই, একের পর এক অধ্যায়ের সমাপ্তি ঘটছে। জাতীয় দলে থাকা তিনি ভালোবাসেন এবং ভবিষ্যতেও ভালোবাসবেন। তবে এখন তাঁর জায়গা তরুণদের জন্য ছেড়ে দেওয়ার সময় এসেছে।

মেসি বলেন, তাঁর পেছনে দুর্দান্ত কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছেন, যাঁরা জাতীয় দলে থাকার যোগ্য। এখন থেকে তিনি বাইরে থেকে দলের সমর্থক হিসেবে সুখে-দুঃখে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাবেন।

পরিবার ও সতীর্থদের ধন্যবাদ

আন্তর্জাতিক ফুটবলের দীর্ঘ যাত্রায় পাশে থাকার জন্য পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। একই সঙ্গে কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মেসি বলেন, এই যাত্রা ছিল সুন্দর, তবে কঠিন। সঙ্গে করে তিনি অসংখ্য অবিস্মরণীয় স্মৃতি ও মুহূর্ত নিয়ে যাচ্ছেন। সতীর্থদের সঙ্গে মিলে আর্জেন্টাইনদের কিছু স্বপ্নের মতো মুহূর্ত উপহার দিতে পেরে শান্তি ও গর্ব নিয়ে বিদায় নিচ্ছেন তিনি।

চিঠির শেষ দিকে মেসি লেখেন, ‘আর্জেন্টাইন হিসেবে আমাকে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর্জেন্টিনা এগিয়ে চলো!’

বাবার মৃত্যুর পর আরও নিশ্চিত

চিঠির শেষে মেসি জানান, তিনি এই কথাগুলো লিখেছিলেন ২১ জুলাই, বিশ্বকাপ ফাইনালের দুই দিন পর। বাবার মৃত্যুর পর নিজের সিদ্ধান্তের ব্যাপারে তিনি আরও নিশ্চিত হয়েছেন বলেও উল্লেখ করেন।

গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোসারিও শহরের একটি হাসপাতালে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা হোর্হে মেসি।

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক হয় মেসির। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচ খেলে ১১টি হ্যাটট্রিকসহ ১২৫ গোল করেছেন মেসি।

মেসির নেতৃত্বেই ২০২২ সালে কাতার বিশ্বকাপের শিরোপা জেতে আর্জেন্টিনা। ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায় দলটি। এর আগে ২০১৪ সালেও মেসির নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে সেবার জার্মানির কাছে হেরে যায় তারা।

মেসির নেতৃত্বে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপা-খরা কাটায় আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে দলটি।

চলতি বছরের বিশ্বকাপ ফাইনালই দেশের জার্সিতে মেসির শেষ ম্যাচ হয়ে থাকল। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে এবার জাতীয় দলকে বিদায় জানালেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!