খেলাধুলা

‘এমবাপের চেয়ে আমি ব্যালন ডি’অর জয়ের বেশি যোগ্য’: ইয়ামাল

আপডেট: সেপ্টে ১৪, ২০২৬ : ০৫:৪০ এএম
‘এমবাপের চেয়ে আমি ব্যালন ডি’অর জয়ের বেশি যোগ্য’: ইয়ামাল

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপের প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জমে উঠছে। পুরস্কারটি জয়ের ক্ষেত্রে নিজেকেই এমবাপের চেয়ে বেশি যোগ্য মনে করেন স্পেনের তরুণ তারকা ইয়ামাল।

স্পেনের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড মুভিস্টারের অনুষ্ঠান ‘ইউনিভার্সো ভালদানো’তে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন। সাক্ষাৎকারটি আগামী শুক্রবার প্রচার হওয়ার কথা থাকলেও এর কিছু অংশ এরই মধ্যে প্রকাশিত হয়েছে।

সংবাদমাধ্যম স্পোর্টের প্রকাশিত অংশে ইয়ামালকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমি ব্যালন ডি’অর কাকে দেব? আমি সত্যিই মনে করি, সম্ভবত দুজন খেলোয়াড় আছেন, যারা বিশ্বসেরা। কিন্তু এই বছর আমি এটি পাওয়ার যোগ্য।’

বিশ্বসেরা সেই দুই খেলোয়াড়ের নামও স্পষ্ট করেছেন ইয়ামাল। তিনি বলেন, ‘আমার কাছে কিলিয়ান এমবাপে ও আমি সেরা দুই খেলোয়াড়। যারা ম্যাচ দেখে, তারা তা ভালো করেই জানে।’

কয়েক দিন আগে এমবাপেও নিজেকে ব্যালন ডি’অর জয়ের দাবিদার হিসেবে ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, ব্যালন ডি’অর ব্যক্তিগত পুরস্কার হলেও ফুটবল দলীয় খেলা হওয়ায় দলের সাফল্যও গুরুত্বপূর্ণ।

এমবাপে আরও বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি, এ বছর আমি এটি (ব্যালন ডি’অর) জিততে পারি। এটি আমার অন্যতম লক্ষ্য, একই সঙ্গে স্বল্পমেয়াদি লক্ষ্যও।’

এবারের ব্যালন ডি’অরের জন্য ইতিমধ্যে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে বসবে পুরস্কারটির ৭০তম আসর। প্রথম বিজয়ী স্যার স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই এবার লন্ডনে আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি।

সাধারণত ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলের সাফল্যও বিবেচনায় নেওয়া হয়। সে দিক থেকে এবারের লড়াইয়ে ইয়ামালের দাবি জোরালো। দুজনই গোল ও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়ালেও বিশ্বকাপে এমবাপের ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছিল স্পেন এবং শেষ পর্যন্ত চ্যাম্পিয়নও হয়।

ফলে ব্যালন ডি’অরের মঞ্চে ইয়ামাল ও এমবাপের দ্বৈরথ এবার আলাদা মাত্রা পেয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!