খেলাধুলা

ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার

আপডেট: সেপ্টে ১৫, ২০২৬ : ০৫:৫১ এএম
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ১–০ গোলের জয়ে আর্লিং হালান্ডের করা একমাত্র গোলটি বৈধ ঘোষণা করার সিদ্ধান্তকে ‘বিচার-বিবেচনার ভুল’ হিসেবে স্বীকার করেছে পেশাদার ম্যাচ রেফারিদের সংগঠন প্রফেশনাল গেম রেফারিজ (প্রো রেফ)।

রোববার এক বিবৃতিতে প্রো রেফ জানায়, গোলটির ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইড অবস্থানে থাকা সিটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের সম্ভাব্য প্রভাব শনাক্ত করতে পারেনি। মাঠের রেফারিকে ঘটনাটি পুনরায় দেখার পরামর্শও দেওয়া উচিত ছিল বলে জানিয়েছে সংস্থাটি।

ম্যাচের ৬০ মিনিটে ইয়োশকো গাভারদিওলের ক্রস থেকে পোস্টের কাছাকাছি অবস্থান নিয়ে গোল করেন হালান্ড। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হয়েছিল। পরে ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলে গোলটি বৈধ ঘোষণা করা হয়।

ভিএআরের যুক্তি ছিল, হালান্ড অনসাইড অবস্থানে ছিলেন এবং অফসাইডে থাকা ফার্নান্দেস বল স্পর্শ করেননি। তবে প্রো রেফের পরবর্তী পর্যালোচনায় বলা হয়েছে, ফার্নান্দেসের অবস্থান হালান্ডের গোলের ক্ষেত্রে প্রভাব ফেলেছিল কি না, সেটি যথাযথভাবে বিবেচনা করা হয়নি।

প্রো রেফ বিবৃতিতে বলেছে, ‘আজ সন্ধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ করে আমরা যেটিকে বিচার-বিবেচনার ভুল বলে মনে করছি, তা স্বীকার করা হয়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হবে।’

ম্যাচে এর আগে সিটির ফিল ফোডেন ব্রুনো ফার্নান্দেসকে লাথি মারার ঘটনায় লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সিটি। পরে হালান্ডের গোলেই জয় নিশ্চিত করে তারা। এই গোলের মাধ্যমে ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোলসংখ্যা দাঁড়ায় নয়টিতে।

ম্যাচ শেষে ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকও গোলটি বৈধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গোলটির ঘটনায় সবচেয়ে বেশি প্রভাবিত হওয়ার দাবি করেছেন ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। আর্জেন্টাইন এই ডিফেন্ডারের মতে, তাঁর জাতীয় দলের সতীর্থ ফার্নান্দেসের অবস্থানের কারণে তিনি খেলায় প্রভাবিত হয়েছেন। হালান্ডের গোলকে তিনি ‘অন্যায়’ বলেও অভিহিত করেন।

‘স্কাই স্পোর্টস’কে মার্তিনেজ বলেন, ‘আমি তার (ফার্নান্দেসের) কাছে গিয়েছিলাম, কারণ সে আমার সামনে ছিল। এ কারণেই পেছনে হালান্ড ফাঁকা ছিল। প্রিমিয়ার লিগে এ ধরনের ভুল করতে পাঁচ-ছয়জন কর্মকর্তা থাকা গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই অন্যায়ের অনুভূতি নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!