বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দীর্ঘ হচ্ছে তালহা জুবায়েরের। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁকে এই দায়িত্বে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইট গত জুনে দায়িত্ব ছেড়ে দেন। এরপর জিম্বাবুয়ে সিরিজ ও সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তালহা।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, অস্ট্রেলিয়া সিরিজ শেষেই তালহার দায়িত্বও শেষ হবে। তবে এখন জানা গেছে, আগামী মাসের আফগানিস্তান সিরিজ থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজেও জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি।
সব মিলিয়ে চলতি বছর তো বটেই, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে তালহার।
এদিকে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে আপাতত আশিক মজুমদারই দায়িত্বে থাকছেন। তাঁর চুক্তির মেয়াদ কত দিন, তা অবশ্য জানা যায়নি।
ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলকে নিয়েও কিছুদিন ধরে আলোচনা ছিল। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে হারের পর বিষয়টি আরও আলোচনায় আসে। তবে আপাতত আশরাফুলই জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন বলে জানা গেছে।
এ ছাড়া একজন সহকারী কোচ নিয়োগের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!