সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরে নিজেকে প্রমাণ করেছেন তাওহীদ হৃদয়। চলতি বছর টেস্ট ক্রিকেটেও অভিষেক হয়েছে এই ব্যাটারের। তবে টেস্টে শুরুটা ভালো হয়নি তাঁর। সবশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হৃদয়।
এই ইনিংসের পর প্রশ্ন উঠেছে, টেস্ট ক্রিকেটের জন্য কি নিজেকে প্রস্তুত করে ফেলেছেন হৃদয়? বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুলের মতে, জাতীয় দলের টেস্ট দলে খেলার জন্য ইতিমধ্যেই প্রস্তুত এই ব্যাটার।
বাবুল বলেন, ‘তাওহীদ হৃদয়কে তো বিসিবি চাচ্ছেই। অনেক সিনিয়র খেলোয়াড় এখন আমাদের দলে নেই। তাই কাউকে না কাউকে ওই জায়গাটা নিতে হবে। অনেক দিন ধরেই বিসিবি তাকে চাচ্ছে। আমার মনে হয়, হৃদয় ইতোমধ্যে জাতীয় দলের টেস্ট সংস্করণের জন্য প্রস্তুত।’
দক্ষিণ আফ্রিকায় হৃদয়ের দীর্ঘ ইনিংসের প্রশংসা করে বাবুল বলেন, ব্যাটিংয়ের প্রতি তাঁর মনোযোগ ও দৃঢ় সংকল্প পুরো ইনিংসজুড়েই দেখা গেছে। দীর্ঘ সময় ব্যাটিং করার পরও উইকেটের মধ্যে দৌড়ে রান নেওয়ার সময় তাঁর শারীরিক সক্ষমতা ও আগ্রহে কোনো ঘাটতি দেখা যায়নি।
বাবুল বলেন, ‘তিন দিন ধরে এতগুলো ইনিংস, এতগুলো সেশন ব্যাটিং করেছে। শেষ সময় পর্যন্ত তার শারীরিক সক্ষমতা, উইকেটের মধ্যে দৌড়ে রান নেওয়ার ধরন এবং যে তাগিদ, যে ক্ষুধার্ত ভাবটা ছিল—সেটা পুরো ইনিংসেই ফুটে উঠেছে।’
হৃদয়ের এমন পারফরম্যান্সের পেছনে দক্ষিণ আফ্রিকার ওই মাঠ ও উইকেটের সঙ্গে তাঁর পরিচিতিও ভূমিকা রেখেছে বলে মনে করেন বাবুল। তাঁর মতে, সেখানে হৃদয়ের আগের স্মৃতিও রয়েছে।
বাবুল বলেন, ‘প্রথম উইকেট ও দ্বিতীয় উইকেটের মধ্যে পার্থক্য ছিল। সেখানে বাংলাদেশের উইকেটের একটা আমেজ ছিল। তাওহীদ হৃদয় ওই মাঠেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সুতরাং মাঠের সঙ্গে তার আলাদা একটা পরিচিতি ও সখ্য ছিল। সেই কারণে হয়তো হৃদয় খুব ভালো খেলেছে। মাঠটা চেনে, উইকেট চেনে।’
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!