খেলাধুলা

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়বেন জ্যোতি

আপডেট: সেপ্টে ১৬, ২০২৬ : ০৫:২৭ এএম
এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়বেন জ্যোতি

এশিয়ান গেমসের পর বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। তবে ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিসিবি সভাপতি ও তাঁকে চিঠি দিয়ে জ্যোতি এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়ানডে দলের নেতৃত্ব চালিয়ে যাবেন তিনি। এশিয়ান গেমসের পর আমরা বসে পরবর্তী করণীয় ঠিক করব।’

এশিয়ান গেমসের প্রস্তুতির ঠিক আগে জ্যোতির এমন সিদ্ধান্তে কিছুটা বিব্রত হয়েছেন বলেও জানান নারী উইংয়ের চেয়ারম্যান। তাঁর ভাষ্য, এশিয়ান গেমস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি আসর। তাই কোনো ধরনের মানসিক অস্থিরতা ছাড়াই খেলোয়াড়দের টুর্নামেন্টে অংশ নেওয়া উচিত।

রফিকুল ইসলাম বলেন, ‘তার এই ঘোষণায় আমি কিছুটা বিব্রত। এশিয়ান গেমস আমাদের জন্য একটি বড় আসর। আমরা চাই খেলোয়াড়েরা কোনো মানসিক অস্থিরতা ছাড়াই টুর্নামেন্টে অংশ নিক। তার এই ঘোষণার সময়টা উপযুক্ত নয়। গেমস শেষ হওয়ার পর তিনি এটি করতে পারতেন।’

২০২১ সালে সব সংস্করণে বাংলাদেশ নারী দলের নেতৃত্ব পাওয়ার পর জ্যোতির অধিনায়কত্বে দল বেশ কিছু স্মরণীয় জয় পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায় জ্যোতির ওপর চাপ বাড়িয়েছে।

তবে সামনে এশিয়ান গেমস থাকায় দলের পারফরম্যান্স নিয়ে এখনই আলোচনায় যেতে চান না রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘সামনে একটি বড় টুর্নামেন্ট আছে। তাই আমার মনে হয় না, দলের পারফরম্যান্স নিয়ে আলোচনার জন্য এটি সঠিক সময়। অতীতে যা-ই হোক না কেন, আমরা জানি জ্যোতিই দেশের সেরা ব্যাটার। আমি চাই খেলোয়াড়েরা মানসিকভাবে চাঙা থাকুক এবং এশিয়ান গেমসে নিজেদের সেরা পারফরম্যান্স উজাড় করে দিক।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!