খেলাধুলা

তরুণ ক্রিকেটারদের জন্য বিপিএল বড় মঞ্চ: শান্ত

আপডেট: সেপ্টে ১৬, ২০২৬ : ০৫:৩০ এএম
তরুণ ক্রিকেটারদের জন্য বিপিএল বড় মঞ্চ: শান্ত

তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিজেদের প্রমাণ করার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) একটি বড় মঞ্চ বলে মনে করেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিপিএলের অফিশিয়াল পেজে প্রকাশিত এক ভিডিওতে নিজের অভিমত তুলে ধরেন শান্ত। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমি বহু বছর ধরে বিপিএল খেলছি। যখনই শুনি বিপিএল শুরু হবে, প্রতি বছরই অন্য রকম উত্তেজনা কাজ করে। খেলোয়াড় হিসেবে আমাদের জন্য এটি একটি বিশাল মঞ্চ। এখানে ভালো পারফরম্যান্স করতে পারলে আমাদের ক্যারিয়ারের জন্যই সবচেয়ে বেশি ভালো হবে।’

শান্তর কাছে বিপিএল শুধু ব্যক্তিগত পারফরম্যান্সের জায়গা নয়। তাঁর মতে, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তুলতে তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ করে দেয় এই টুর্নামেন্ট।

শান্ত বলেন, ‘আমাদের দেশের জন্য বিপিএল একটি বড় টুর্নামেন্ট। প্রতিবছরই বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান খেলোয়াড় এখানে খেলার সুযোগ পায়। তাই আমাদের জন্য বিপিএল অনেক বেশি গুরুত্বপূর্ণ মঞ্চ।’

বিপিএলের মতো বড় টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাঁদের ক্যারিয়ারে ইতিবাচক প্রভাব ফেলে বলেও মনে করেন শান্ত।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!