দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী বছরের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি তাঁদের উদ্দেশে উৎসর্গ করা হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির মধ্যে এক বৈঠকে এই সফর নিয়ে আলোচনা শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতায় আজ বিসিবি কার্যালয়ে এসে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত ভান্ডারি। বৈঠকে প্রস্তাবিত সফর ছাড়াও দুই দেশের ক্রিকেট সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এক বিবৃতিতে বিসিবি বলেছে, ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি তারা গভীর সহানুভূতি প্রকাশ করছে। তাঁদের স্মৃতির উদ্দেশে সিরিজটি উৎসর্গ করার গুরুত্বও স্বীকার করেছে বোর্ড।
বিসিবির ভাষ্য, তিন ম্যাচের এই সিরিজ বাংলাদেশ ও নেপালের ক্রিকেটকে আরও কাছাকাছি আনার পাশাপাশি গভীর শোকের সময়ে দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে।
এ ছাড়া নেপালের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে বিসিবি। এ সহযোগিতার আওতায় পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই-পারফরম্যান্স কর্মসূচি, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।
No comments yet. Be the first to comment!