ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগও কাজে লাগাতে পারেনি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শিমরন হেটমায়ারের দুর্দান্ত সেঞ্চুরির পরও জ্যামাইকা কিংসম্যানের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
শনিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে হেটমায়ারের অপরাজিত ১০২ রানের ইনিংসে ৪ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে গায়ানা। জবাবে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নেয় জ্যামাইকা।
গায়ানার ইনিংসে শুরুটা ভালো হয়নি। ২০ রানেই ২ উইকেট হারায় তারা। এরপর শাই হোপের ৩৩ বলে ৪০ এবং হেটমায়ারের ঝোড়ো ব্যাটিং দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যায়। ৪৫ বলে ৪টি চার ও ৮টি ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন হেটমায়ার। কুয়েন্টিন স্যাম্পসনের ১৭ বলে ২৯ রানের ক্যামিও ইনিংসে দুই শ পার করে গায়ানার সংগ্রহ।
জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে জ্যামাইকা। মাজ সাদাকাত ৪১, ম্যাকেঞ্জি ৩৪ ও কেসি কার্টির ৫৬ রানের ইনিংসে জয়ের ভিত গড়ে ওঠে। এরপর অধিনায়ক রভম্যান পাওয়েল মাত্র ১৭ বলে ৪০ রান করে দলকে জয়ের কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত ১৯ দশমিক ৪ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জ্যামাইকা।
গায়ানার হয়ে বোলিংয়ে দিনটি ভালো কাটেনি মিরাজের। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে মাজ সাদাকাতের কাছে দুই ছক্কা ও এক চারে ১৮ রান দেন তিনি। নিজের শেষ দুই বলে সাইম আইয়ুবের কাছ থেকেও দুটি ছক্কা হজম করেন। ৪ ওভারে ৪৩ রান দিয়ে কোনো উইকেট পাননি বাংলাদেশি এই অলরাউন্ডার।
সিপিএলের প্রথম তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে দারুণ শুরু করেছিলেন মিরাজ। তবে সর্বশেষ ম্যাচের পর আজও উইকেটশূন্য থাকলেন তিনি। ব্যাটিংয়েও গায়ানার হয়ে খুব বেশি সুযোগ পাননি এই অলরাউন্ডার।
প্রথম কোয়ালিফায়ারে হেরে ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পেয়েছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গায়ানা। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে না পারায় এবার আর ফাইনালে ওঠা হলো না মিরাজদের।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!