ইন্টার মায়ামির সময়টা ভালো যাচ্ছে না। মেজর লিগ সকারে (এমএলএস) টানা চতুর্থ ম্যাচে ড্র করেছে ফ্লোরিডার দলটি। তবে দলের এই ব্যর্থতার মাঝেও নিজের আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। সান ডিয়েগো এফসির বিপক্ষে গোল করে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন তারকা।
রোববার রাতে সান ডিয়েগোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। ম্যাচে মেসি গোল করেছেন ২৪ মিনিটে। ডান প্রান্ত থেকে নেওয়া তাঁর ফ্রি-কিক কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ায়। এটি চলতি এমএলএস মৌসুমে মেসির ২০তম গোল এবং ইন্টার মায়ামির হয়ে ১০১তম।
এই গোলেই এমএলএসের ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে ২০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন মেসি। এর আগে লস অ্যাঞ্জেলেস এফসির ডেনিস বুয়াঙ্গা ২০২৩ থেকে ২০২৫—টানা তিন মৌসুমে এই কীর্তি গড়েছিলেন।
মেসির গোলটি আসে সান ডিয়েগোর আন্দের্স ড্রেয়ারের ১২ মিনিটের গোলের পর। দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়েও যায় মায়ামি। কিন্তু ৮২ মিনিটে আবার ড্রেয়ার গোল করলে ম্যাচটি ২–২ সমতায় শেষ হয়। ফলে টানা চতুর্থ ম্যাচে জয়হীন থাকল মায়ামি।
চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা এখন ২০। সঙ্গে আছে ১৩টি অ্যাসিস্ট। অর্থাৎ ২৩ ম্যাচে তাঁর গোল-অবদান ৩৩টি, যা এমএলএসে সর্বোচ্চ। মৌসুমের আরও আটটি ম্যাচ বাকি রয়েছে।
সান ডিয়েগোর বিপক্ষে গোলটি মেসির ক্যারিয়ারের ৯৩০তম এবং মায়ামির জার্সিতে ১০১তম গোল। এর মাত্র চার দিন আগে ক্রুজ আজুলের বিপক্ষে ক্যাম্পেওনেস কাপে গোল করে মায়ামির হয়ে শততম গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।
তবে মেসির ব্যক্তিগত সাফল্যের দিনেও পূর্ণ তিন পয়েন্ট পায়নি মায়ামি। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় অবস্থানে আছে দলটি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!