আফগানিস্তানের বিপক্ষে আসন্ন যুব সিরিজ সামনে রেখে সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্পের প্রথম দিনেই সুখবর পেয়েছেন যুব ক্রিকেটাররা। তাঁদের দৈনিক ভাতা দ্বিগুণ করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের সর্বশেষ সভায় অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে।
সিলেটে যুব দলের ক্যাম্প চলবে ১৪ দিন। এই সময়ে ক্রিকেটারদের স্কিল ও ফিটনেস নিয়ে কাজ করবেন কোচিং স্টাফরা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রস্তুতিই থাকবে ক্যাম্পের মূল লক্ষ্য।
ক্যাম্প শেষে আগামী ১০ অক্টোবর ওমানের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। সেখানে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।
সিরিজ শেষে দেশে ফিরে কিছুদিন অনুশীলন করবে যুব দল। এরপর এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে আবারও বিদেশে যাওয়ার কথা রয়েছে তাদের।
দৈনিক ভাতা বাড়ানোর সিদ্ধান্তে আসন্ন ব্যস্ত সূচির আগে বাড়তি প্রেরণা পেলেন যুব ক্রিকেটাররা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!