এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক জয়ের সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে এখনো কোনো ইভেন্টে পদক জয়ের সুযোগ কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।
নাগোয়ার কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিং করে পাকিস্তান। অধিনায়ক ফাতিমা সানার ৪৫ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান করে তারা। ফাতিমা ৩০ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৪৫ রান করেন। গুল ফিরোজা ২৩ বলে ৬টি চারে করেন ৩১ রান।
বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, শারমিন আক্তার ও রিতু মনি—তিনজনই দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানেই থামে বাংলাদেশের ইনিংস। শারমিন আক্তার ৪৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন ৩০ বলে ২৫ রান।
পাকিস্তানের উম্মে হানি ১০ রান দিয়ে তিনটি উইকেট নেন।
পাওয়ার প্লেতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ
বাংলাদেশের ইনিংসে বড় কোনো জুটি গড়ে ওঠেনি। ১১.৩ ওভারে ৫০ রানে পৌঁছায় দল। এরপর ১৮.৪ ওভারে আসে ১০০ রান।
পাওয়ার প্লেতে বাংলাদেশ ২৫ রান তুলতেই হারায় তিন উইকেট। দলের কোচ সারোয়ার ইমরানের মতে, ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এই সময়ের ব্যাটিং। তাঁর ভাষ্য, পাওয়ার প্লেতে অন্তত ২০ থেকে ২৫ রান কম হয়েছে।
সারোয়ার ইমরান বলেন, দলের আত্মবিশ্বাসের ঘাটতিও এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হারের পর থেকে যে আত্মবিশ্বাস কমেছে, সেটি ফিরিয়ে আনা জরুরি। এশিয়ান গেমসে চীনের বিপক্ষে বৃষ্টির কারণে প্রথম ম্যাচ খেলতে না পারায় প্রস্তুতিতেও প্রভাব পড়েছে বলে মনে করেন তিনি।
১২ বছর পর পাকিস্তানের পদক
এই জয়ের মাধ্যমে ১২ বছর পর এশিয়ান গেমসে পদক পেল পাকিস্তান নারী ক্রিকেট দল। সর্বশেষ ২০১৪ সালের ইনচন গেমসে তারা সোনা জিতেছিল। ২০২২ সালের হাংজু গেমসে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার সেই পাকিস্তানের কাছেই ব্রোঞ্জের লড়াইয়ে হারতে হলো বাংলাদেশকে।
বাংলাদেশ এর আগে এশিয়ান গেমসে নারী ক্রিকেটে দুটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক জিতেছে।
এদিকে আজ পুরুষ কাবাডি দলের সামনেও পদকের সুযোগ রয়েছে। জাপানকে হারাতে পারলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ এবং নিশ্চিত হবে অন্তত ব্রোঞ্জ পদক।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!