ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগাল ফুটবলের প্রতীক। তবে জাতীয় দলের প্রতিটি ম্যাচে তাঁর একাদশে থাকা নিশ্চিত নয়—এমনটাই জানিয়েছেন পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুস।
ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে রোনালদোর ভূমিকা নিয়ে কথা বলেন জেসুস। পর্তুগালের কোচ হিসেবে এ ম্যাচ দিয়েই তাঁর অভিষেক হতে যাচ্ছে। ২৪ সেপ্টেম্বর লিসবনের আলভালাদে স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল ও ওয়েলস।
নতুন কোচের প্রথম স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী রোনালদোও। তাঁকে নিয়ে জেসুস বলেন, ‘ক্রিস (রোনালদো) পর্তুগালের প্রতীক, কিন্তু এর মানে এই নয় যে সে প্রতিটি ম্যাচ খেলবে।’
রোনালদো মাঠে থাকলে দর্শকদের আগ্রহও যে বেড়ে যায়, সেটিও উল্লেখ করেছেন জেসুস। হংকংয়ের একটি ম্যাচের উদাহরণ দিয়ে তিনি বলেন, রোনালদো না খেলায় গ্যালারিতে দর্শকসংখ্যা ছিল প্রায় ৫ হাজার। তিনি খেলায় সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৫ হাজারে।
ওয়েলসের বিপক্ষে রোনালদোকে একাদশে রাখার ইঙ্গিতও দিয়েছেন জেসুস। তিনি বলেন, ‘আজ যদি অস্বাভাবিক কিছু না ঘটে, তাহলে আগামীকাল রোনালদো শুরু থেকেই খেলবে। আশা করি, সে এক-দুটি গোল করবে। এরপরই তাকে তুলে নেব।’
পর্তুগালের কোচ হিসেবে নিজের লক্ষ্য নিয়েও কথা বলেছেন জেসুস। তাঁর মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখাই পর্তুগালের লক্ষ্য।
জেসুস বলেন, ‘আমি এমন একটি জাতীয় দলের দায়িত্বে আছি, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়েরা রয়েছে। আমি যেখানেই কাজ করি, জয়ের জন্যই করি। নেশনস লিগে আমরা বর্তমান চ্যাম্পিয়ন, তাই শিরোপা ধরে রাখতে হবে।’
২০২৬ বিশ্বকাপের পর পর্তুগালের দায়িত্ব নেন জেসুস। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর রবার্তো মার্তিনেজের সঙ্গে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সম্পর্কের ইতি ঘটে। নতুন কোচের অধীনে নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করছে পর্তুগাল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!