খেলাধুলা

এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

আপডেট: সেপ্টে ২৪, ২০২৬ : ০৫:৫০ এএম ৮ ০
এশিয়ান গেমসে হকিতে বাংলাদেশের প্রথম জয়

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। গিফুতে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল।

এশিয়ান গেমসে এবার বাংলাদেশের নারী ও পুরুষ—দুই দলই হকিতে অংশ নিচ্ছে। আজ পুরুষ দলের জয়ে প্রতিযোগিতায় হকি থেকে প্রথম জয় পেল বাংলাদেশ।

একসময় শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিতত বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াইয়ে ব্যবধান কমেছে। কয়েক মাস আগে এএইচএফ কাপেও শ্রীলঙ্কার কাছে হেরেছিল বাংলাদেশ। ফলে এশিয়ান গেমসের ম্যাচটি নিয়ে কিছুটা শঙ্কা ছিল জিমিদের।

তবে আজ শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

পরে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম জোড়া গোল করেন। আরেকটি গোল করেন মাহবুব হোসেন। শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল শোধ করলেও তা ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলতে পারেনি।

পুরো ম্যাচে ১৫টির বেশি পেনাল্টি কর্নার আদায় করে বাংলাদেশ। এতে শ্রীলঙ্কার রক্ষণভাগকে বেশ ব্যস্ত থাকতে হয়েছে। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!