জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে উশু ডিসিপ্লিনে ব্রোঞ্জ পদকজয়ী বাংলাদেশের ক্রীড়াবিদ জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জাপানের আইচি-নাগোয়া থেকে টিজি ৩৩৯ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জিন্নাত। এ সময় বিওএর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
জিন্নাত আক্তার ২০তম এশিয়ান গেমসে উশুর নারীদের ৫২ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেন। বিমানবন্দরে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য রাসেল কবির সুমন এবং বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তারা।
এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে জিন্নাত আক্তারের এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই সাফল্য দেশের অন্যান্য ক্রীড়াবিদকে আন্তর্জাতিক অঙ্গনে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!