উয়েফা নেশনস লিগের তৃতীয় পর্বে চেক প্রজাতন্ত্রকে ৩–১ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ে আবারও আলো ছড়িয়েছেন লামিন ইয়ামাল। ম্যাচের শুরুতেই গোল করে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি বিরল এক রেকর্ডে নাম লিখিয়েছেন বার্সেলোনার এই তরুণ তারকা।
চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ মিনিটে স্পেনের হয়ে গোল করেন ইয়ামাল। এর আগে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষেও জাতীয় দলের হয়ে গোল করেছিলেন তিনি। দুটি ম্যাচেই দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন ইয়ামাল।
ফুটবল পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’ এক্সে জানিয়েছে, আতোঁয়ান জেমলিয়ানুখিনের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি আন্তর্জাতিক ম্যাচের প্রথম ছয় মিনিটের মধ্যে গোল করার কীর্তি গড়েছেন ইয়ামাল।
কিরগিজস্তানের হয়ে খেলা জেমলিয়ানুখিন ২০১৭ সালের ডিসেম্বর থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে এই রেকর্ড গড়েছিলেন। ব্রুনাইয়ের বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটে, মিয়ানমারের বিপক্ষে পঞ্চম মিনিটে এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় মিনিটে গোল করেছিলেন তিনি।
এবার সেই রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় মিনিটে, ক্রোয়েশিয়ার বিপক্ষেও দ্বিতীয় মিনিটে এবং চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ষষ্ঠ মিনিটে গোল করেছেন তিনি।
অর্থাৎ টানা তিন আন্তর্জাতিক ম্যাচে মাত্র ছয় মিনিটের মধ্যেই গোল করেছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ইয়ামালের জন্য এটি আরও একটি ব্যক্তিগত অর্জন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!