খেলাধুলা

ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ: মেসি

আপডেট: অক্টো ০৭, ২০২৬ : ০৫:১৪ এএম ৫ ০
ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ: মেসি

আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। বিদায়ী ম্যাচে বেনিনকে ৩–০ গোলে হারানোর পর জাতীয় দল থেকে অবসর নেওয়ার দিনটিকে নিজের ক্যারিয়ারের ‘সবচেয়ে দুঃখের দিন’ বলে বর্ণনা করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করেন মেসি। ম্যাচ শেষে মাঠে দাঁড়িয়ে সমর্থক ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার হয়ে ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের নানা স্মৃতিও তুলে ধরেন।

মেসি বলেন, ‘২০ বছরেরও বেশি সময় ধরে এই জার্সি রক্ষা করতে পারা আমার জন্য বিশাল গর্বের বিষয়।’

কঠিন সময়ের কথাও স্মরণ করেন তিনি। মেসির ভাষায়, ‘আমরা এবং আমি যে সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্য দিয়ে গেছি, সেসব সময়েও আমি কখনো লড়াই থামাইনি, কখনো এখানে থাকা বন্ধ করিনি।’

জাতীয় দলের হয়ে আর মাঠে নামতে না পারার কষ্টের কথাও জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘এখানে না আসাটা ভীষণ কষ্টদায়ক হবে। আমি শপথ করে বলছি, সারা জীবন খেলতে চাই। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা একজন মানুষের জীবনে ঘটতে পারা সবচেয়ে সুন্দর বিষয়।’

২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচের সেই মনুমেন্টাল স্টেডিয়ামেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন মেসি। একই মাঠে ক্যারিয়ারের শুরু ও শেষের অনুভূতিকে আনন্দ-বেদনায় মেশানো বলে উল্লেখ করেন তিনি।

মেসি বলেন, ‘এখন আমি এখানে আমার ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিনে দাঁড়িয়ে আছি। যে দিন আমাকে জাতীয় দলকে বিদায় বলতে হচ্ছে, আপনাদের সবাইকে বিদায় বলতে হচ্ছে।’

তবে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেও আর্জেন্টিনার সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না বলে জানান মেসি। তিনি বলেন, ‘এখন থেকে আমি ওই পাশে (সমর্থকদের সঙ্গে) থাকব, সব ছেলেকে সমর্থন করব, যারা দলে আসবে তাদের সবাইকে সমর্থন করব। আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব।’

আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে অবশ্য কোনো আক্ষেপ নেই মেসির। সর্বশেষ বিশ্বকাপের কঠিন পথচলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও আমি সারাজীবন এখানে থাকতে চাই, তবু আমার মনে হচ্ছে এটাই সঠিক সময়। সর্বশেষ বিশ্বকাপটা অনেক বেশি কঠিন ছিল, আমাকে অনেক কিছু পার করতে হয়েছে।’

বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য ছিল শিরোপা ধরে রাখা। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। মেসির মতে, বিশ্বকাপের দীর্ঘ ও কঠিন পথচলায় শারীরিক ও মানসিকভাবে বড় চাপ নিতে হয়েছে দলকে।

তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল আমার স্বপ্ন এবং পুরো দেশের স্বপ্ন পূরণ করা—আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’

সর্বশেষ বিশ্বকাপের অভিজ্ঞতা তুলে ধরে মেসি আরও বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শারীরিকভাবে আমাদের ওপর বিশাল চাপ ফেলেছিল, আর মানসিকভাবেও সেটি ছিল অনেক বড় ব্যাপার।’

তবু সব বাধা পেরিয়ে ফাইনালে পৌঁছানোয় সতীর্থদের প্রশংসা করেছেন তিনি। মেসির ভাষায়, ‘আমরা যতটুকু শক্তি ছিল, তা নিয়েই ফাইনালে পৌঁছেছিলাম। এই জার্সির জন্য আমরা সবসময় যেভাবে লড়াই করেছি, সেভাবেই লড়েছি।’

আর্জেন্টিনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারে সতীর্থ ও সমর্থকদের ভালোবাসার কথাও স্মরণ করেন মেসি। জাতীয় দলের সঙ্গে কাটানো সময়কে জীবনের অন্যতম সুন্দর অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!