খেলাধুলা

গোল করে আর্জেন্টিনাকে বিদায় জানালেন ওতামেন্দি

আপডেট: অক্টো ০৭, ২০২৬ : ০৫:২৮ এএম ৫ ০
গোল করে আর্জেন্টিনাকে বিদায় জানালেন ওতামেন্দি

বিদায়ের মঞ্চে নিজের জন্য দারুণ এক সমাপ্তি লিখলেন নিকোলাস ওতামেন্দি। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে নেমেই গোল করেছেন এই ডিফেন্ডার। আর সেই গোলের কারিগর ছিলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি। মেসির নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত ভলিতে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ওতামেন্দি। শেষ পর্যন্ত বেনিনকে ৩–০ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের চিত্র বদলে যায়। ৪৮ মিনিটে আর্জেন্টিনার আক্রমণের বাঁ দিক থেকে কর্নার নেন মেসি। তাঁর নেওয়া বল পেনাল্টি স্পটের কাছে পৌঁছালে দৌড়ে এসে অসাধারণ অ্যাক্রোবেটিক ভলিতে সেটি জালে পাঠান ওতামেন্দি।

গোলের পরই দেখা যায় আবেগঘন দৃশ্য। কর্নার পতাকার দিকে ছুটে যান ওতামেন্দি। এরপর তাঁকে জড়িয়ে ধরেন মেসি। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ, তার ওপর সেই ম্যাচে গোল—আর গোলটির সহায়তাকারী মেসি। সব মিলিয়ে মুহূর্তটি হয়ে ওঠে বিশেষ।

ম্যাচ শেষে নিজের শেষ গোল নিয়ে আবেগ ধরে রাখতে পারেননি ওতামেন্দি। তিনি বলেন, ‘অবিশ্বাস্য এক সমাপ্তি। এই ম্যাচটি ছিল বাড়তি পাওয়া, আমি আগেই বিদায় জানিয়েছিলাম। কিন্তু ১০ নম্বরের ডাকে এখানে এসে তাঁর বিদায় উপভোগ করার সুযোগ পেয়েছি। এটি তাঁর জন্য একটি ঐতিহাসিক দিন।’

জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারের কথাও স্মরণ করেন ওতামেন্দি। তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার ১৭ বছর কেটেছে এবং তাঁর সঙ্গে এই মুহূর্তটি উপভোগ করতে পারাটা দারুণ ছিল। শেষ ম্যাচে জাতীয় দলের হয়ে শেষ গোল করা এমন কিছু, যা আমি সারাজীবন সঙ্গে নিয়ে চলব।’

গোল করার পর অবশ্য বেশিক্ষণ মাঠে ছিলেন না ওতামেন্দি। মাত্র চার মিনিট পরই তাঁকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি। মাঠ ছাড়ার সময় গ্যালারিতে ওঠে করতালির ঝড়। জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন এই ডিফেন্ডার। বিদায়ের মুহূর্তে আর্জেন্টিনার ব্যাজে চুমুও দেন তিনি।

এরপর মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওতামেন্দি বলেন, ‘সবচেয়ে সাধারণ ও বিনয়ী মানুষদের একজন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। তোমার ফুটবল প্রতিভা দেখানোর জন্য এবং আর্জেন্টিনার পতাকাকে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্যও ধন্যবাদ।’

বেনিনের বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার হয়ে ওতামেন্দির শেষ ম্যাচ। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি খেলেছেন ১৪০ ম্যাচ। করেছেন ১০ গোল। এ সময়ে আর্জেন্টিনার হয়ে জিতেছেন চারটি বড় শিরোপা—২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা আমেরিকা।

গোল করে, মেসের কাছ থেকে পাওয়া সেই সহায়তাকে স্মরণীয় করে এবং গ্যালারির করতালির মধ্য দিয়ে জাতীয় দলকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই ডিফেন্ডার।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!