খেলাধুলা

অস্ট্রেলিয়াকেও চমকে দেওয়া সম্ভব: জ্যোতি

আপডেট: অক্টো ০৯, ২০২৬ : ০৫:৪৩ এএম ৬ ০
অস্ট্রেলিয়াকেও চমকে দেওয়া সম্ভব: জ্যোতি

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নতুন পরিবেশ ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জকে ভয় না পেয়ে উপভোগ করতে চান বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তাঁর বিশ্বাস, দল হিসেবে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বসেরা অস্ট্রেলিয়াকেও চমকে দেওয়া সম্ভব।

সিরিজের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রোমাঞ্চের কথা জানিয়েছেন জ্যোতি। নতুন কন্ডিশনে খেলার অভিজ্ঞতাকে ইতিবাচকভাবে দেখছেন তিনি।

জ্যোতি বলেন, ‘অবশ্যই আমরা রোমাঞ্চিত এবং এখানে আসতে পেরে বেশ আনন্দিত। নতুন ও ভিন্ন পরিস্থিতিতে খেলা সব সময়ই চ্যালেঞ্জিং।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর দল। এমন শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের মূল লক্ষ্য থাকবে দলীয়ভাবে ভালো খেলা এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।

এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা বিশ্বাস করি, দল হিসেবে খেলতে পারলে এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করতে পারলে যেকোনো কিছু করে চমকে দিতে পারি।’

প্রতিপক্ষের শক্তিমত্তার চেয়ে নির্দিষ্ট দিনে নিজেদের পারফরম্যান্স ও মানসিকতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জ্যোতি। তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামতে পারলে ভালো কিছু করা সম্ভব।

জ্যোতি বলেন, ‘অস্ট্রেলিয়া সেরা দল, আমরা সবাই তা জানি। তবে আমরা দেখতে চাই, কোন মানসিকতা নিয়ে তাদের বিপক্ষে খেলছি। কারণ, নির্দিষ্ট দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খুব ইতিবাচক হতে হবে এবং তাদের বিপক্ষে ইতিবাচক মানসিকতা নিয়ে নামতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ বাংলাদেশের নারী ক্রিকেটারদের জন্য নিজেদের দক্ষতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ। নতুন কন্ডিশনে মানিয়ে নিয়ে দলীয় পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে স্বাগতিকদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দেওয়ার প্রত্যাশা থাকবে বাংলাদেশের।

বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, ফারজানা হক, মুর্শিদা খাতুন ও হাবিবা ইসলাম।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!