পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
আমিনুল হক বলেন, জীবনের লক্ষ্য এখনই নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে পড়াশোনার বিকল্প নেই। তবে সুস্থ শরীর ও সুস্থ জাতি গঠনে খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ।
নতুন পাঠ্যবইয়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা এ বইয়ের মাধ্যমে খেলাধুলার উপকারিতা, পুষ্টি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার সম্পর্কে জানতে পারবে।
শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে উদ্যোগ
পল্লবী ও রূপনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতিমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। শিক্ষকদের আবাসন সমস্যার সমাধানে পৃথক আবাসনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
আমিনুল হক বলেন, শিক্ষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে।
শিক্ষার্থীদের সুস্থ পরিবেশ নিশ্চিত করার আহ্বান
রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি কেউ চায় না। শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদের সভাপতি মইনুল হক মঈন, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাফিজুর রহমান সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!