খেলাধুলা

সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন: জ্যোতি

আপডেট: অক্টো ১২, ২০২৬ : ০৬:০৯ এএম ৬ ০
সোবহানার রেকর্ডময় সেঞ্চুরি বড় অর্জন: জ্যোতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ড গড়ে সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটার সোবহানা মোস্তারি। তবে তাঁর দুর্দান্ত ইনিংসের পরও স্বাগতিকদের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হারলেও সোবহানার এই সেঞ্চুরিকে তাঁর ও দলের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে জ্যোতি ও সোবহানা ২৪৩ বলে ১৯৫ রানের জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।

এই জুটি গড়ার পথে ১২৩ বলে ১৫টি চারের সাহায্যে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন সোবহানা। নিজের ৩৫তম ওয়ানডেতে পাওয়া এই সেঞ্চুরি তাঁকে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম এবং ওয়ানডেতে দেশের তৃতীয় নারী সেঞ্চুরিয়ান করেছে। এর আগে ফারজানা হক দুটি এবং নিগার সুলতানা একটি সেঞ্চুরি করেছিলেন।

ইনিংসের ৪৮তম ওভারে আউট হওয়ার আগে ১৮টি চারের সাহায্যে ১৩৪ বলে ১১৮ রান করেন সোবহানা। এর মধ্য দিয়ে বাংলাদেশের নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল ফারজানা হকের। ২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১০৭ রান করেছিলেন তিনি।

অন্য প্রান্তে অধিনায়ক জ্যোতি খেলেন ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। দুজনের ব্যাটিংয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বড় জয় ঠেকানো যায়নি।

‘সোবহানার সেঞ্চুরি ঐতিহাসিক’

ম্যাচ শেষে সোবহানার ইনিংসের প্রশংসা করেন জ্যোতি। তিনি বলেন, ‘সোবহানা অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছে। আমার মতে, এটি তার জন্য একটি দারুণ অর্জন।’

জ্যোতি আরও বলেন, ‘এটি সত্যিই ঐতিহাসিক এবং নিঃসন্দেহে তার ও দলের জন্য একটি বড় অর্জন। আমি তার সঙ্গে ব্যাট করার সময় তাকে বারবার বলছিলাম যে, সেঞ্চুরি করতে হবে। আমার মনে হয়, সেই অর্জনে আমিও কিছুটা অবদান রাখতে পেরেছি। তার জন্য আমি খুবই আনন্দিত, কারণ সে একজন চমৎকার খেলোয়াড় এবং দীর্ঘদিন ধরেই ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে। আমার মনে হয়, এই সাফল্য তার প্রাপ্যই ছিল।’

নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পেয়ে উচ্ছ্বসিত সোবহানাও। তিনি বলেন, ‘আমার সেঞ্চুরি নিয়ে আমি খুব খুশি। এ জন্য কোচ ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমাকে সমর্থন দিয়েছেন। গত ম্যাচে দ্রুত আউট হওয়ার পর আমি নিজের ভুল বুঝতে পারি এবং কোচ ও সতীর্থদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী খেলে সফল হয়েছি।’

বড় ইনিংস খেলার পেছনে প্রধান কোচ ডেভিড হেম্পের পরামর্শের কথাও উল্লেখ করেন সোবহানা। তিনি বলেন, ‘দ্বিতীয় পানি বিরতির সময় কোচ হেম্প আমাকে বলেন, ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে। আমি কোচের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছি। দ্রুত তিন উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতি ও বলের ধরন বুঝে খেলার চেষ্টা করেছি। উইকেটে সেট হয়ে নিজের শক্তির জায়গাগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!