খেলাধুলা

পেস আক্রমণ শক্তিশালী করতে আরও মানসম্মত বোলার চান সালাহউদ্দিন

আপডেট: অক্টো ১৩, ২০২৬ : ০৫:০১ এএম ৪ ০
পেস আক্রমণ শক্তিশালী করতে আরও মানসম্মত বোলার চান সালাহউদ্দিন

বিদেশের মাটিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কয়েকটি স্মরণীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পেসাররা। তবে জাতীয় দলের পেস আক্রমণ আরও শক্তিশালী করতে শীর্ষ বোলারদের মানের কাছাকাছি আরও পেসার গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ সালাহউদ্দিন।

তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসারদের পাশাপাশি হাসান মাহমুদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাও সাম্প্রতিক সময়ে নিজেদের দক্ষতার প্রমাণ দিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন ম্যাচ জেতানো বোলার হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

তবে সালাহউদ্দিন মনে করেন, জাতীয় দলে মানসম্মত পেসারের সংখ্যা আরও বাড়ানো জরুরি। মিরপুরের একাডেমি মাঠে পেসার হান্ট কর্মসূচি চলাকালে তিনি বলেন, ‘সেরা পাঁচ-ছয়জন বোলার এখন তাঁদের সোনালি সময় পার করছেন। তবে বাকিরা সেই পর্যায়ে পৌঁছাতে পারছেন না। খুব ভালো মানের পাঁচ-ছয়জন বোলার আমাদের আছেন। আমাদের লক্ষ্য হলো অন্যদেরও তাঁদের মানের কাছাকাছি নিয়ে আসা।’

ঘরোয়া ক্রিকেটেও বাড়াতে হবে পেসারের সংখ্যা

জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও মানসম্মত পেস বোলারের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন সালাহউদ্দিন। তাঁর মতে, ভালো পেসারের একটি শক্তিশালী ভান্ডার তৈরি হলে ব্যাটাররা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বোলিংয়ের মুখোমুখি হওয়ার সুযোগ পাবেন। এতে তাঁদের ব্যাটিং দক্ষতাও বাড়বে।

সালাহউদ্দিন বলেন, ‘মাত্র পাঁচজন দিয়ে এটা সম্ভব হবে না। ঘরোয়া ক্রিকেটে যদি ভালো বোলাররা না খেলেন, তবে ব্যাটারদের উন্নতি হবে না। ভালো মানের পেসারের সংখ্যা বাড়ানো প্রয়োজন।’

হাসানের বোলিংয়ের প্রশংসা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টে হাসান মাহমুদের বোলিংয়ের প্রশংসা করেছেন সালাহউদ্দিন। কঠিন উইকেটেও হাসানের পারফরম্যান্সকে অসাধারণ বলে অভিহিত করেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘যে উইকেটে কোনো বাউন্স বা মুভমেন্ট ছিল না, সেখানে হাসান যেভাবে বল করেছে, সেটি অসাধারণ।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!