২০৩০ ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। স্পেন ও অ্যান্ডোরার দর্শকেরা প্ল্যাটফর্মটিতে টুর্নামেন্টের ১০৪টি ম্যাচ সরাসরি দেখতে পারবেন। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতার সব ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। তবে স্পেনে প্রতিটি ম্যাচের দিনে একটি করে ম্যাচ বিনা মূল্যে দেখার সুযোগ থাকবে।
স্পেনের ম্যাচ দেখাবে ফ্রি-টু-এয়ার টিভিও
২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। টুর্নামেন্টের শতবর্ষ উদ্যাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নেটফ্লিক্স জানিয়েছে, স্পেনের একটি জাতীয় ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলও দেশটির সব ম্যাচ সম্প্রচার করবে। পাশাপাশি ফাইনালসহ আরও কয়েকটি ম্যাচ দেখানো হবে ওই চ্যানেলে।
পুরুষদের বিশ্বকাপে প্রথমবার নেটফ্লিক্স
এই চুক্তির মাধ্যমে সরাসরি ক্রীড়া অনুষ্ঠান সম্প্রচারে প্রচলিত টেলিভিশন সম্প্রচারকদের সঙ্গে প্রতিযোগিতায় নেটফ্লিক্সের অবস্থান আরও শক্তিশালী হবে।
সাবস্ক্রিপশনভিত্তিক এই প্ল্যাটফর্মটি এবারই প্রথম পুরুষদের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেতে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেয়েছে নেটফ্লিক্স।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!