খেলাধুলা

জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিল বিসিবি

আপডেট: অক্টো ১৬, ২০২৬ : ০৫:৪৫ এএম ৫ ০
জাতীয় দলে ফিরতে জাহানারাকে যে শর্ত দিল বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামার ইচ্ছা রয়েছে তাঁর। প্রায় দুই বছর আগে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই পেসার। এবার জাতীয় দলে ফেরার আগ্রহের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি। তবে ফিরতে হলে কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করতে হবে তাঁকে।

মানসিক স্বাস্থ্যের কথা জানিয়ে একসময় জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছিলেন জাহানারা। এরপর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। সেখানে ক্লাব ক্রিকেটে খেলছিলেন। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে তাঁর সঙ্গে ঘটে যাওয়া মানসিক ও যৌন হয়রানির অভিযোগ প্রকাশ্যে আনেন এই ক্রিকেটার। এবার নতুন বোর্ডের কাছে জাতীয় দলে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।

জাহানারার ফেরার বিষয়ে বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু ঢাকা পোস্টকে বলেন, ‘সে অনেক দিন আগে বলেছিল ফিরতে চায়, বোর্ডকে জানিয়েছে। সে দেশের হয়ে আবার খেলতে চায়। এখন খেলতে হলে সাধারণত যেসব প্রক্রিয়া আছে, সেগুলো অনুসরণ করতে হবে। ঘরোয়াতে খেলতে হবে, ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এরপর নিয়মিত পারফরম্যান্স করতে হবে। বাকিটা নির্বাচকদের ব্যাপার।’

ফিটনেস পরীক্ষা ও পারফরম্যান্সে নজর

জাহানারার জাতীয় দলে ফেরার বিষয়ে নারী দলের নির্বাচক সাজ্জাদ আহমেদও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। তবে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকায় তাঁকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে।

সাজ্জাদ আহমেদ বলেন, ‘আমরা তাকে ওয়েলকাম করব ফিরতে চাইলে। অনেক দিন যেহেতু আন্তর্জাতিক ম্যাচ খেলেনি জাহানারা, সেই কারণে তাকে ফিটনেস পরীক্ষা দিতে হবে। এরপর ঘরোয়াতে পারফর্ম করতে হবে। তার স্কিল কেমন আছে দেখতে হবে, ভালো করলে বিবেচিত হবে।’

সামনে ঘরোয়া ক্রিকেটের খেলা রয়েছে উল্লেখ করে এই নির্বাচক আরও বলেন, জাহানারাকে কোন দলে খেলানো হবে, সে বিষয়ে বিসিবি সিদ্ধান্ত নেবে। তবে জাতীয় দলে ফেরার জন্য আগে তাঁকে ক্রিকেটে ফিরতে হবে এবং নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হবে।

অর্থাৎ জাতীয় দলে ফেরার পথ জাহানারার জন্য বন্ধ নয়। ফিটনেস পরীক্ষা, ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ এবং ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ভিত্তিতেই তাঁর ফেরার সম্ভাবনা বিবেচনা করবে বিসিবি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকেরা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!