ইরানের জাতীয় ফুটবল দলকে বহনকারী বিমান ইরাকের বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
আগামী ১৪ নভেম্বর বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বসরায় চার জাতির একটি টুর্নামেন্টে অংশ নেবে ইরান। টুর্নামেন্টে স্বাগতিক ইরাক, লেবানন ও ফিলিস্তিনও খেলবে।
বার্তা সংস্থা রয়টার্সকে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি নিতে চায়নি ইরাক। বসরা বিমানবন্দরের দুই মুখপাত্রও একই কারণের কথা জানিয়েছেন।
বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি না পেয়ে বিমানটি ইরানে ফিরে যায় এবং আবাদান বিমানবন্দরে অবতরণ করে। পরে বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানায়, দেশটির ফুটবল দল সড়কপথে বসরায় যাবে।
ইরানি বিমান চলাচলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাব যে ক্রমেই বাড়ছে, এ ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইরানি বিমান সংস্থাগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমান চলাচল কার্যক্রম সীমিত করা।
মার্কিন নিষেধাজ্ঞার চাপ এড়াতে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট নিষিদ্ধ করেছিল ইরাক। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, যেসব বিমানবন্দর ইরানি বিমান সংস্থাগুলোকে সেবা দেবে, সেগুলোও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার ঝুঁকিও রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!