যেকোনও পুরস্কারই একজন ক্রীড়াবিদের জন্য স্বীকৃতি, সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা। পুরস্কার হাতে নিয়ে সেই অনুভূতি সকলেই প্রকাশ করে থাকে। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বিজয়ী প্রায় সকলেই উপস্থিত থাকলেও বর্ষসেরার পুরস্কার ছিনিয়ে নেয়া হামজা চৌধুরী ছিলেন না। সাফ চ্যাম্পিয়নশীপে ব্যস্ত থাকার কারনে তার অনুষ্ঠানে আসা হয়নি। তবে তার এই প্রাপ্তিতে দর্শকসারিতে যেভাবে করতালি পড়েছে তাতে হামজার জনপ্রিয়তা সহজেই প্রমানিত হয়।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পোস্টার বয় এখন হামজা চৌধুরী। এতে কারও সন্দেহ থাকার কথা নয়। ইংলিশ ফুটবলার হিসেবে যে স্বপ্ন নিয়ে হামজা ফুটবল মাঠে নেমেছিলেন সেই স্বপ্ন তার পূরণ হয়েছে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে। ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন থাকলেও বাংলাদেশে কখনও খেলবেন কিনা তা নিয়ে কয়েক বছর আগেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। সেই হামজারই বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয় ২০২৫ সালের মার্চে। হামজার আগমন ঘিরে বাংলাদেশের ফুটবলে যে আলোড়ন ওঠে, সেটিকে অনেকেই বাংলাদেশের ফুটবলের নতুন জাগরণী বলে মনে করেন।
হামজা এখন দেশের কোটি ফুটবল ভক্তের প্রাণ। যার পায়ের স্পর্শে বাংলাদেশের ফুটবল তার হারানো গৌরব কিছুটা হলেও ফিরে পেয়েছে।
আজ রাজধানীর স্থানীয় একটি হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণার আগে মঞ্চে উঠেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
তিনি মঞ্চে উঠে বলেন, এখানে অনেক কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের দেখছি। এই দিনটাকে আমরা আরও বড়ভাবে উদযাপন করতে চাই।
বুধবার রাতে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ দলের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল অসাধারণ ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। এই খেলা ধরে রাখতে পারলে আমাদের কাছ থেকে কেউ শিরোপা নিতে পারবে না।
হামজা চৌধুরীর নাম ঘোষণায় নাটকীয়তার সাথে তিনি বলেন, যিনি পুরস্কার জিতেছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রেজ। শুধু দেশে নয়, বিদেশেও তাঁর সুখ্যাতি রয়েছে। বাংলাদেশ তাঁকে নিয়ে গর্ব করে, গর্ব করবে। ২০০৩ সালের পর আবারও সাফ জিততে পারি যার হাত ধরে তিনি হামজা চৌধুরী।
পঞ্চাশ-ষাটের দশকের ক্রিকেটার ও প্রবীণ ক্রিকেট সংগঠক লুৎফুর রহমান মাখন পেয়েছেন আজীবন সম্মাননা।
হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা, মোস্তাফিজুর রহমান, মিলি আক্তার, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ ছিলেন পাঠকের ভোটে বর্ষসেরা মনোনয়নের তালিকায়। এই ক্যাটাগরিতেও বর্ষসেরা হয়েছেন হামজা।
সর্বমোট ছয় ক্যাটাগরিতে ৭ জন পুরস্কার জিতেছেন। বর্ষসেরা ক্রীড়াবিদ, আজীবন সম্মাননা ও পাঠকের ভোটে বর্ষসেরা ছাড়া বর্ষসেরা রানার-আপ হয়েছেন হকি তারকা আমিরুল ইসলাম ও নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন সাবেক টি২০ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন টেবিল টেনিসের তরুন প্রতিভা খই খই মারমা।
সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫ এর সেরা ক্রীড়াবিদ নির্বাচনে জুরির দায়িত্বে ছিলেন বর্তমান ও সাবেক চার ক্রীড়াবিদ এবং একজন সাংবাদিক। জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। এছাড়া অন্য সদস্যরা হলেন, আকরাম খান (সাবেক ক্রিকেটার), শারমিন আক্তার রত্না (শুটার), রাসেল মাহমুদ জিমি (হকি খেলোয়াড়) এবং দুলাল মাহমুদ (সাংবাদিক)।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!