খেলাধুলা

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

আপডেট: নভে ১৩, ২০২৬ : ০৫:৫৭ এএম ৭ ০
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন কোচ লিওনেল স্কালোনি। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আলবিসেলেস্তেদের দায়িত্বে থাকবেন তিনি। সবকিছু পরিকল্পনামতো এগোলে প্রথম আর্জেন্টাইন কোচ হিসেবে তিনটি বিশ্বকাপে দলকে ডাগআউট থেকে পরিচালনার কীর্তি গড়বেন স্কালোনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ২০২২ বিশ্বকাপজয়ী এই কোচ। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা এবং আমার কোচিং স্টাফ ও ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি—কাজ চালিয়ে যাওয়াই হবে এগিয়ে যাওয়ার সর্বোত্তম পথ। আমরা খুব দ্রুতই একটি সমঝোতায় পৌঁছাতে পেরেছি।’

আগামী ডিসেম্বরে আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এরপর শুরু হবে তাঁর নতুন মেয়াদ। ২০১৮ সালে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দলটির সঙ্গে আছেন সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার।

স্কালোনির অধীনেই দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। এর আগে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপাও জিতেছে দলটি। সর্বশেষ ২০২৬ বিশ্বকাপেও ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি তাদের।

সর্বশেষ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। তবে পরে অবস্থান বদলান তিনি। চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে সমর্থকদের ভালোবাসাও বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন এই কোচ।

বিশ্বকাপ শেষে নিজের জন্মস্থান আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পুজাতোয় গিয়েছিলেন স্কালোনি। সেখানে সমর্থকদের ভালোবাসা ও আবেগ তাঁকে মুগ্ধ করে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সবার ভালোবাসাপূর্ণ অভিব্যক্তির জন্য আমি কৃতজ্ঞ। আমার দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের পেছনে নিঃসন্দেহে সমর্থকদের বড় ভূমিকা ছিল। জাতীয় দলকে খেলতে দেখার সময় তারা যে আনন্দ পায়, আমি তাদের সেই আনন্দ দিয়ে যেতে চাই। আশা করি, ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।’

দায়িত্ব পালনের শুরুতে যে উদ্দীপনা ছিল, এখনো তা অটুট আছে বলে মনে করেন স্কালোনি। তাঁর ভাষায়, ‘প্রথম দিন আমার মধ্যে যে তাগিদ ছিল, আজও ঠিক সেই তাগিদ ও উদ্দীপনা আছে। নিজের এই যাত্রা চালিয়ে যেতে পারায় আমি আনন্দিত।’

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়াও স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আর্জেন্টাইন ফুটবলে এটি সর্বোত্তম প্রাপ্তি। এটি এমন একটি বিষয়, যা সবাই চেয়েছিল।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!