খেলাধুলা

মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাজকে দেখেন তাঁর মা সেলিয়া

আপডেট: নভে ১৯, ২০২৬ : ০৫:৫৪ এএম ১ ০
মেসির উত্তরসূরি হিসেবে নিকো পাজকে দেখেন তাঁর মা সেলিয়া

আর্জেন্টিনা জাতীয় দলের তরুণ ফরোয়ার্ড নিকো পাজকে লিওনেল মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন অনেকেই। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি। এক আবেগঘন মুহূর্তে তিনি নিকোকে বলেছিলেন, ‘তুমিই আমার ছেলের উত্তরসূরি।’

সম্প্রতি আর্জেন্টিনার রেডিও লা রেডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন নিকো পাজের চাচা, ফ্যাশন ডিজাইনার ও বিশ্লেষক ফ্যাবিয়ান পাজ। তাঁর ভাষ্য, মেসির বিদায়ী ম্যাচের পর ড্রেসিংরুমের বাইরে নিকোর সঙ্গে দেখা হয়েছিল সেলিয়ার। সেখানেই কথাটি বলেছিলেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে ফ্যাবিয়ান বলেন, ‘মেসির বিদায়ী ম্যাচে আমি যখন তাকে (নিকো) দেখতে গিয়েছিলাম, তখন সে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসে। সেখানে মেসির মা ছিলেন। তিনি আবেগে ভেঙে পড়েছিলেন, কাঁদছিলেন। নিকো তাঁকে চিনত। তাই এগিয়ে গিয়ে শুভেচ্ছা জানায়। তখন তিনি নিকোর হাত ধরে বলেন, “তুমিই আমার ছেলের উত্তরসূরি।”’

ফ্যাবিয়ানের বর্ণনায়, মেসির মায়ের সঙ্গে নিকোর ওই সাক্ষাৎ ছিল আবেগঘন। তবে এমন প্রশংসা পেয়েও নিজেকে মেসির উত্তরসূরি মনে করেন না তরুণ এই ফুটবলার। বরং মেসির সঙ্গে দেখা করা এবং একই দলের হয়ে খেলার সুযোগকেই বড় প্রাপ্তি মনে করেন তিনি।

ফ্যাবিয়ান বলেন, ‘নিকো খুব শান্ত ও মাটির কাছাকাছি থাকা মানুষ। সে নিজেকে মেসির উত্তরসূরি মনে করে না। তার কাছে সবচেয়ে বড় ব্যাপার ছিল মেসির সঙ্গে দেখা করা এবং একসঙ্গে খেলা। তার কাছে সেটা ছিল যেন আকাশ ছুঁয়ে ফেলা।’

স্পেনের টেনেরিফে জন্ম ও বেড়ে ওঠা নিকো আর্জেন্টিনায় বসবাস করেন না। জাতীয় দলের হয়ে খেলতে দেশে এলে আর্জেন্টিনার ফুটবল নিয়ে মানুষের উন্মাদনা তাঁকে বিস্মিত করে বলে জানান তাঁর চাচা। ফ্যাবিয়ানের ভাষায়, ‘সে এখানে থাকে না বলে অন্য খেলোয়াড়দের মতো এত চাপ অনুভব করে না। এখানে ফুটবলকে অনন্য আবেগ ও উন্মাদনা দিয়ে উপভোগ করা হয়। বিষয়টি তাকে এখনো বেশ অবাক করে।’

রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা নিকো পাজ ইতিমধ্যে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন। ভবিষ্যতে তাঁর গায়ে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সি উঠতে পারে বলেও মনে করছেন অনেকে। তবে এ নিয়ে খুব একটা ভাবছেন না নিকো।

নিজের ভাবনা জানিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি এটা নিয়ে ভাবি না। আমার ভাবনায় থাকে এমন দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ ফুটবল খেলতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার ওপর জাতীয় দল এবং এত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছি। আমি এসবের জন্যই খেলি এবং এটা চালিয়ে যেতে চাই।’

জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সেও নজর কেড়েছেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড। আর্জেন্টিনার জার্সিতে সর্বশেষ পাঁচ ম্যাচে ছয়টি গোল করেছেন তিনি। কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচেও করেছেন দুটি গোল। ম্যাচে তাঁর পারফরম্যান্সের প্রশংসা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনি বলেন, ‘নিকো এমন একজন খেলোয়াড়, যার কাছ থেকে আরও বেশি কিছু পাওয়ার আছে। কোস্টারিকার বিপক্ষে সে খুব ভালো খেলেছে, উরুগুয়ের বিপক্ষেও ভালো খেলেছিল। তাকে দেখে মনে হয়, সে সত্যিকারের একজন ফুটবলার। সে এখনো তরুণ, তাই আমরা তার যত্ন নেব। তবে তাকে নিয়ে আমরা খুবই খুশি। অনেক পরিস্থিতিতে সে দায়িত্ব নিয়ে খেলেছে।’

আরএস- রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!