খেলাধুলা

‘লাখ লাখ ইউরোর চেয়ে জেলে ১১৩ ইউরো আয় করেই বেশি সুখী ছিলাম’

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৬:০৫ এএম ১১ ০
‘লাখ লাখ ইউরোর চেয়ে জেলে ১১৩ ইউরো আয় করেই বেশি সুখী ছিলাম’

ফুটবল ক্যারিয়ারে কোটি কোটি ইউরো আয় করেছেন। খেলেছেন বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইর মতো ইউরোপের বড় ক্লাবে। জিতেছেন অসংখ্য শিরোপা। অথচ জীবনের সবচেয়ে সুখের সময় হিসেবে জেলজীবনের কথা বলছেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ।

তাঁর দাবি, কারাগারে থাকাকালে বিশ্বাস ও ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তাঁকে যে সুখ ও পরিপূর্ণতা দিয়েছে, তা খেলোয়াড়ি জীবনে কখনো পাননি।

স্পেনের একটি কারাগারে ১৪ মাস আটক ছিলেন আলভেজ। সম্প্রতি এক ধর্মীয় বক্তৃতায় বার্সেলোনার কাছে ব্রায়ান্স ২ কারাগারে কাটানো সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। জানান, কারাগারে কাজ করে ১১৩ ইউরো আয় করতেন। সেই সামান্য অর্থও তাঁর কাছে লাখ লাখ ইউরো আয়ের চেয়ে বেশি আনন্দের ছিল। শ্রোতাদের উদ্দেশে আলভেজ বলেন, ‘ঈশ্বরের কৃপায় আমি লাখ লাখ ইউরো আয় করতাম। জেলে ১১৩ ইউরো পেতাম, কিন্তু লাখ লাখ ইউরো আয়ের চেয়েও ওই সময়ে আমি বেশি সুখে ছিলাম।’

ঈশ্বরের সঙ্গে সম্পর্ক এবং কারাগারের অভিজ্ঞতা কীভাবে তাঁর জীবনবোধ বদলে দিয়েছে, সে কথাও জানিয়েছেন সাবেক এই বার্সেলোনা তারকা। তাঁর ভাষায়, ‘আমি অনেক প্রশ্ন করি। আমি তাঁর সামনে একজন শিশু। আমি তাঁকে সবকিছু সম্পর্কে জিজ্ঞাসা করি।’

কারাগার থেকে মুক্তির পর থেকে ধর্মীয় বক্তৃতায় নিয়মিত অংশ নিচ্ছেন আলভেজ। ধর্মপ্রচারক হিসেবে আত্মপ্রকাশের পর বিভিন্ন অনুষ্ঠানে জেলজীবনের অভিজ্ঞতা এবং তাঁর আধ্যাত্মিক পরিবর্তনের গল্প তুলে ধরছেন তিনি।

১৪ মাস কারাগারে ছিলেন আলভেজ

২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন ৪৩ বছর বয়সী আলভেজ। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নৈশক্লাবে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্পেনের একটি আদালত তাঁকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেন। একই বছরের মার্চে ১০ লাখ ইউরো জরিমানা দিয়ে জামিনে মুক্তি পান তিনি। এর আগে কারাগারে ১৪ মাস কাটাতে হয় তাঁকে।

তবে ২০২৫ সালের মার্চে কাতালুনিয়ার শীর্ষ আদালত আপিলের পর তাঁর সাজা বাতিল করেন। আদালতের পর্যবেক্ষণে আগের রায়ে বেশ কিছু অসঙ্গতির কথা উঠে আসে। পাশাপাশি আলভেজের নির্দোষিতা নাকচ করার মতো পর্যাপ্ত প্রমাণ না থাকার বিষয়টিও উল্লেখ করা হয়।

ট্রফিতে সমৃদ্ধ ক্যারিয়ার

ফুটবল মাঠে দানি আলভেজের অর্জন ঈর্ষণীয়। বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে খেলেছেন তিনি। এসব ক্লাবের হয়ে ঘরোয়া লিগ ও মহাদেশীয় প্রতিযোগিতায় শিরোপা জিতেছেন। ক্যারিয়ারে ৪৬টি ট্রফি জিতে ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন এই রাইটব্যাক।

বার্সেলোনার হয়ে ৪০৯ ম্যাচ খেলে ২৩টি গোল করেছেন আলভেজ। কাতালান ক্লাবটির হয়ে জিতেছেন ২৩টি শিরোপা। এ ছাড়া জুভেন্টাসের হয়ে ইতালিয়ান সিরি আ এবং পিএসজির হয়ে ফরাসি লিগের শিরোপাও জিতেছেন তিনি।

ব্রাজিল জাতীয় দলের হয়েও দীর্ঘদিন খেলেছেন আলভেজ। দেশের হয়ে ১২৬ ম্যাচে অংশ নিয়ে জিতেছেন দুটি কোপা আমেরিকার শিরোপা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!