দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লী’ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এ কথা জানিয়েছেন। তিনি বলেন, দেশের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় তৃণমূল পর্যায়ে নতুন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
গতকাল শনিবার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
আমিনুল হক বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট কার্যকর সমাধান হতে পারে। এ জন্য প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলা হবে।
তিনি জানান, এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের মধ্যে ঋণ বিতরণপ্রক্রিয়া আরও সহজ করা হবে। প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে, যাতে তরুণেরা বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নিতে পারেন।
চার বছরের কর্মপরিকল্পনা
সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলেও জানান তিনি। কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পর এ ধরনের মতবিনিময় সভা আয়োজনের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সব কর্মকর্তা-কর্মচারীকে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার কথাও বলেন তিনি।
সভায় আরও বেশি বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!