খেলাধুলা

এমএলএসে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি

আপডেট: নভে ২২, ২০২৬ : ০৫:৫৯ এএম ১৩ ০
এমএলএসে ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা।

স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ শুরুর আগে ছোট্ট এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন ইন্টার মায়ামির সহমালিক জর্জ মাস।

এবারের নিয়মিত মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মায়ামি অধিনায়ক। গোলসংখ্যায় তিনি পেছনে ফেলেছেন এফসি ডালাসের পিটার মুসাকে (২২ গোল) এবং ন্যাশভিলের স্যাম সুরিজকে (২১ গোল)।

শুধু গোল করেই নয়, সতীর্থদের দিয়ে গোল করিয়েও দারুণ অবদান রেখেছেন মেসি। ১৭টি অ্যাসিস্টসহ মৌসুমে তাঁর মোট গোল-অবদান ৪৩। ম্যাচপ্রতি গড়ে ০.৮৪ গোল করেও সবার ওপরে রয়েছেন তিনি। এমএলএসের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জিতলেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গত মৌসুমেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মেসি। ২৯ গোল ও ১৯ অ্যাসিস্টসহ মোট ৪৮ গোলে অবদান রেখে প্রথমবারের মতো গোল্ডেন বুট জেতেন তিনি। একই বছর টানা দ্বিতীয়বার এমএলএসের বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কারও জেতেন আর্জেন্টাইন অধিনায়ক।

এবার টানা তৃতীয় বছরের মতো এমএলএস এমভিপি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেসি। এটি জিতলে প্রতিযোগিতার ব্যক্তিগত পুরস্কারের ইতিহাসে আরও একটি রেকর্ড গড়বেন তিনি।

পুরস্কার জয়ের দিনে হার মায়ামির

ব্যক্তিগত সাফল্যের দিনে অবশ্য দলীয়ভাবে ভালো করতে পারেনি ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান অর্জন করে নকআউট পর্বে ওঠা দলটি বেস্ট-অব-থ্রি সিরিজে সপ্তম স্থানে থাকা কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে।

এই সিরিজে দুই ম্যাচে জয় পাওয়া দল যাবে পরের পর্বে। ফলে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে মেসিদের সামনে।

গত বছর এমএলএস কাপের ফাইনালে ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে শিরোপা জিতেছিল মায়ামি। নকআউট পর্বে ৬ গোল ও ৯ অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন মেসি। এবারও তাঁর ব্যক্তিগত সাফল্য দলকে শিরোপার পথে কতটা এগিয়ে নিতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!