খেলাধুলা

রিয়ালের হয়ে এসপির ‘সবচেয়ে বিশেষ’ গোল, মুগ্ধ নাদালও

আপডেট: নভে ২২, ২০২৬ : ০৬:১৮ এএম ১৪ ০
রিয়ালের হয়ে এসপির ‘সবচেয়ে বিশেষ’ গোল, মুগ্ধ নাদালও

রিয়াল মাদ্রিদের হয়ে আবারও বদলি নেমে গোল করে দলের জয়ের নায়ক কার্লোস এসপি। সেল্টা ভিগোর বিপক্ষে ৮৫ মিনিটে করা তাঁর গোলেই জয় পেয়েছে রিয়াল। সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম গোলকে এখন পর্যন্ত ক্যারিয়ারের ‘সবচেয়ে বিশেষ’ গোল বলে অভিহিত করেছেন এই ফরোয়ার্ড। তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালও।

গত শনিবার বার্নাব্যুতে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে রিয়াল। পরে জুড বেলিংহ্যাম গোল করে সমতা ফেরান। এরপর বদলি হিসেবে মাঠে নামার ছয় মিনিট পরই জয়সূচক গোলটি করেন এসপি।

ম্যাচ শেষে বার্নাব্যুতে নিজের প্রথম গোলের অনুভূতি জানাতে গিয়ে এসপি বলেন, ‘আমি মনে করি, এটাই আমার সবচেয়ে বিশেষ গোল। সত্যি বলতে, এই দিনটি কখনো ভুলব না। এখানে গোল করা, সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন করা এবং তাঁদের মুখে নিজের নাম শোনার স্বপ্ন কতবার দেখেছি, তা গুনে শেষ করতে পারব না।’

চলতি মৌসুমে লা লিগায় মাত্র ৪৪ মিনিট খেলার সুযোগ পেয়েছেন এসপি। এর মধ্যেই করেছেন তিনটি গোল। এস্পানিওল ও এলচের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। এবার সেল্টা ভিগোর বিপক্ষে গোল করে রিয়ালের ‘সুপারসাব’ হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন।

এর আগে চ্যাম্পিয়নস লিগে রোমার বিপক্ষে ৪-৩ গোলের নাটকীয় জয়ের ম্যাচেও গোল করেছিলেন তিনি। কোচ মরিনিও তাঁর শেষ মুহূর্তের গোল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ম্যাচের পর রাফায়েল নাদালের সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতাও জানিয়েছেন এসপি। তিনি বলেন, ‘আমি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তিনি আমাকে নিয়ে খুব গর্ব প্রকাশ করেছেন। রাফায়েল নাদালের মতো একজন কিংবদন্তিকে সেখানে পাওয়া এবং তাঁর সঙ্গে কথা বলতে পারা আমাকে ভীষণ খুশি করেছে।’

আন্তর্জাতিক বিরতির প্রভাব দেখছেন মরিনিও

ম্যাচের প্রথমার্ধে রিয়ালের নিষ্প্রভ পারফরম্যান্সের কারণ হিসেবে আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার বিষয়টি তুলে ধরেছেন কোচ মরিনিও। বিরতির পর বড় দলগুলোর পারফরম্যান্সও কঠিন হয়ে উঠেছে বলে মনে করেন তিনি।

মরিনিও বলেন, ‘আজ বড় দলগুলো কী করেছে, দেখুন—আর্সেনাল জিততে পারেনি, ম্যানচেস্টার সিটিও জেতেনি। চেলসি, বায়ার্ন মিউনিখও জয় পায়নি। সময়টা কঠিন।’

চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ভিনিসিয়ুস জুনিয়র এদিন ৫৭ মিনিট পর্যন্ত বেঞ্চে ছিলেন। তবে মঙ্গলবার পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ব্রাজিলিয়ান এই তারকাকে শুরুর একাদশে রাখার ইঙ্গিত দিয়েছেন মরিনিও।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!