খেলাধুলা

আফকন ট্রফি কি মরক্কোর, রায় ঘোষণার আগেই সিদ্ধান্ত ফাঁসের দাবি

আপডেট: নভে ২৪, ২০২৬ : ০৬:৫৮ এএম ৬ ০
আফকন ট্রফি কি মরক্কোর, রায় ঘোষণার আগেই সিদ্ধান্ত ফাঁসের দাবি

আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) শিরোপা নিয়ে মরক্কো ও সেনেগালের বিরোধের নিষ্পত্তি হতে যাচ্ছে আজ মঙ্গলবার। ক্রীড়া আদালত নামে পরিচিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এ বিষয়ে রায় ঘোষণা করার কথা।

তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই রায়ের তথ্য ফাঁস হয়েছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র। তাদের দাবি, আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) দেওয়া সিদ্ধান্তই বহাল রেখেছে সিএএস। ফলে চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোর নামই থাকছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কয়েক মাস ধরে মামলাটি পর্যালোচনা করেছে সিএএস। দুই পক্ষের যুক্তিতর্ক ও প্রতিপক্ষের বক্তব্য বিবেচনার পর প্রতিযোগিতার আইনি কাঠামোর ভিত্তিতে সিএএফের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে আদালত।

গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত আফকনের ফাইনালে অতিরিক্ত সময়ে মরক্কোকে হারিয়ে শিরোপা জিতেছিল সেনেগাল। তবে ম্যাচের একটি বিতর্কিত ঘটনা ঘিরে পরবর্তী সময়ে আইনি জটিলতা তৈরি হয়। রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে একপর্যায়ে মাঠ ছেড়ে যান সেনেগালের খেলোয়াড়েরা। পরে মাঠে ফিরে খেলতে শুরু করেন তাঁরা। অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল।

তবে ম্যাচ বয়কটের ঘটনাকে নিয়মবহির্ভূত উল্লেখ করে সেনেগালের বিরুদ্ধে অভিযোগ তোলে মরক্কোর ফুটবল ফেডারেশন। বিষয়টি পর্যালোচনা করে মার্চের মাঝামাঝি সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেয় সিএএফ। একই সঙ্গে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি দেয় সংস্থাটি।

সিএএফের সিদ্ধান্তের পেছনে আফকনের নীতিমালার ৮২ নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়। ওই অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময় শেষ হওয়ার আগে কোনো দল রেফারির অনুমতি ছাড়া মাঠ ছেড়ে গেলে কিংবা খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরাজিত ঘোষণা করা যেতে পারে। একই সঙ্গে প্রতিযোগিতা থেকে বহিষ্কারের বিধানও রয়েছে।

সিএএফের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করে সেনেগাল। এরপর থেকেই শিরোপার মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে আইনি লড়াই চলছিল।

মামলার ঘনিষ্ঠ সূত্রের দাবি, মরক্কোর ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা রায়ের তথ্য ফাঁসের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছেন। তবে তাঁদের বিশ্বাস, নিয়ম লঙ্ঘনের অভিযোগে আইনি লড়াইয়ে মরক্কো শক্ত অবস্থানে রয়েছে। অন্যদিকে, সেনেগালের খেলোয়াড়দের মাঠ ছাড়ার পেছনে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদই মূল কারণ ছিল বলে দাবি করা হচ্ছে।

তবে সিএএসের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত শিরোপার চূড়ান্ত মালিকানা নিশ্চিত করে বলা যাচ্ছে না। গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ভিত্তিতেই মরক্কোর চ্যাম্পিয়ন হওয়ার খবর ছড়িয়েছে। এখন আদালতের আনুষ্ঠানিক রায়ের অপেক্ষা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!